বড় হয়ে আমি গোয়েন্দা হতে চাইতাম। তখন মাত্র মাত্র শার্লক হোমস পড়া শেষ করেছি। মনে মগজে শার্লক হোমস। শার্লক হওয়ার জন্য প্রথমে দরকার একজন ওয়াটসন। আমার প্রধানতম বাল্যবন্ধু মৃন্ময় রাজী হলো ওয়াটসন হতে। আমি আর মৃন্ময়, শার্লক আর ওয়াটসন। এবার আমাদের দরকার একটা কেস, যেটার রহস্য আমরা উদ্ধার করবো...
আমাদের এলাকায় তুহিনের বাপ বলে খ্যাত একজন আঙ্কেলের পোষা কুকুর অপঘাতে মারা গেলো। আমরা সেটাকে কেস হিসাবে নেইনি। আমাদের এলাকায় মিন্টু আঙ্কেলের বড় মেয়ে ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করলো, এটাকেও আমরা কেস হিসাবে নেইনি। আমরা আমাদের প্রথম কেস হিসাবে সফল হবে এমন একটা সহজ কেস খুজছিলাম।
সহজ কেস পাওয়া গেলো। আমাদের আরেক বন্ধু, তার সদ্য প্রেম হয়েছে। কিন্তু সে চেয়েছিলো এটা আমাদের কাছে লুকাতে। তাকে সকালে আড্ডায় পাওয়া যায় না, বিকালে বাসায় গেলে পাওয়া যায় না। রাতে ফোন ওয়েটিং থাকে। জিজ্ঞাসা করলে বলে- কেউনা, এমনি, এইতো... এইসব। তার প্রেম হয়েছে এটা প্রমান করাই আমাদের প্রথম কেস।
তো আমি আর মৃন্ময় আমাদের কর্মপরিকল্পনা সাজালাম। বন্ধু কার সাথে কথা বলে এটা জানতে হবে। তারপর প্রেমিকার সাথে কথা বলে বন্ধুকে সারপ্রাইজ দিতে হবে, এটাই প্লান। তখনকার দিনে এন্ড্রয়েড ফোন আসেনি। লক খোলাও খুবই সহজ। আমরা বন্ধুর উপর নজর রাখতে শুরু করলাম।
একদিন এক শুভক্ষণে তার ফোন হাতে পাওয়া মাত্র গতরাতে কার সাথে কথা বলেছিলো, নাম্বার নিয়ে নিলাম। নাম্বার সেভ করা ছিলো মারু নাম দিয়ে। মারু, মারু... হাতে দুইটা অপশন আসলো। এক খুব সহজ, উল্টালেই নাম পাওয়া যাবে রুমা। আরেকটা একটু জটিল, বন্ধুর আরেক বন্ধুর ছোটবোন মার্দিয়া।
আমরা এতো কষ্টে না গিয়ে নাম্বারে ফোন দিয়ে বসলাম। ইউনিভার্সিটির ছাত্র হিসেবে ফোন দিলাম, লোডের দোকানদার হিসেবে ফোন দিলাম, আপনার নাম্বার টাকায় পাওয়া গেছে বলে ফোন দিলাম। জানলাম যে তার নাম রুমা। এবং তিনি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন।
আমাদের কেসের মোড় ঘুরে গেলো। কি ব্যাপার ইনি ইউনিভার্সিটিতে পড়েন! কিন্তু আমরা তো এবার ইন্টার পরীক্ষা দেবো। আমরা তার সাথে দেখা করতে চাইলাম।
কিন্তু উনি আগেই আমাদের বন্ধুকে আমাদের কথা জানিয়েছিলেন। দুইটি ছেলে তাকে ক্রমাগত ফোন দিয়ে যাচ্ছে, এটা জানানোই স্বাভাবিক। আমরা যেদিন দেখা করতে গেলাম, সেদিন আমরাই সারপ্রাইজড হয়ে গেলাম। গিয়ে দেখি আমাদের বন্ধু সেখানে হাজির।
আমাদের গোয়েন্দা হয়ে ওঠার গল্প এখানেই ইতি টানতে হলো।
No comments:
Post a Comment